দেশের বাজারে আন্ডারওয়াটার ফটোগ্রাফি প্রযুক্তির বিশেষ স্মার্টফোন নিয়ে এলো টেকনো। ‘টেকনো স্পার্ক ৫০সি’ মডেলের এই ফোনটির মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই পানির নিচে ছবি তোলা ও ভিডিও করার সুবিধা পাবেন। ফোনটি পানিরোধী হওয়ায় পানিতে পড়ে গেলেও নষ্ট হওয়ার ঝুঁকি নেই। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেকনো বাংলাদেশ এই তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর ফলে উচ্চ রেজোল্যুশনের ছবি ও ভিডিও দেখা যাবে আরও স্পষ্টভাবে। ৪ গিগাবাইট র্যামের পাশাপাশি সংস্করণভেদে ফোনটির স্টোরেজ ক্ষমতা ৬৪ ও ১২৮ গিগাবাইট। দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তায় এতে দেওয়া হয়েছে ৫ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি।
অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম এবং মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসরের সমন্বয়ে ফোনটি দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি মাল্টিটাস্কিং সুবিধা প্রদান করে। এছাড়া নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তির দুটি স্পিকার থাকায় ভিড়ের মধ্যেও স্পষ্ট শব্দ শোনা যাবে। ফোনটিতে ড্রপ রেজিস্ট্যান্স সুবিধাও যুক্ত করা হয়েছে, যার ফলে প্রায় সাড়ে পাঁচ ফুট উচ্চতা থেকে পড়ে গেলেও এটি ভাঙবে না।
নিরাপত্তার জন্য এতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সামনে ও পেছনে ফ্ল্যাশসহ যথাক্রমে ৮ ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এআই ইমেজিং টুলের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে উন্নত মানের ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব। পাশাপাশি আস্ক এলা, এআই রাইটিং এবং হাই ট্রান্সলেটরের মতো এআই টুলস এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংস্করণভেদে ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৯৯৯ টাকা ও ২৩ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।