দেশের বিভিন্ন প্রান্তে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক কর্মকাণ্ডের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে দেশের সকল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যে প্রতিটি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে সংস্থাটি।

বুধবার (১৮ নভেম্বর) এই বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। বেবিচকের একজন উর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাপ্ত তথ্যানুযায়ী, সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমনপথে নিরাপত্তা তল্লাশি আরও জোরদার করার পাশাপাশি ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক টহল বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে কঠোর তল্লাশি চালানোর কথা বলা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর থানাকেও তাদের আওতাধীন ও আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দেশের যেসব বিমানবন্দরে রাতে কোনো ফ্লাইট পরিচালিত হয় না, সেই সব ক্ষেত্রেও রাতের বেলায় নিয়মিত টহল, নজরদারি ও পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে পুলিশের সঙ্গে ইতিমধ্যে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাতেও নতুন ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।