ভারতের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি করতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার তরুণ গবেষকদের জন্য নেতাজি সুভাষ আইসিএআর ইন্টারন্যাশনাল ফেলোশিপে আবেদন শুরু হয়েছে। ভারতের হাইকমিশন ঢাকার উদ্যোগে এই ফেলোশিপের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতীয় কৃষি গবেষণা পরিষদ (আইসিএআর)-এউএস সিস্টেমের অন্তর্ভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে কৃষি ও সংশ্লিষ্ট বিজ্ঞান বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বিশ্বমানের গবেষণা পরিবেশ ও উন্নত প্রযুক্তির সুবিধা পেতে এই ফেলোশিপটি উদীয়মান গবেষকদের জন্য একটি বিশেষ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

ফেলোশিপের বৈশিষ্ট্য ও মেয়াদ

এই আন্তর্জাতিক কর্মসূচির আওতায় মোট ৩০টি ফেলোশিপ প্রদান করা হবে, যার মেয়াদ তিন বছর। ভারতের শীর্ষস্থানীয় কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে পূর্ণকালীন ডক্টরাল গবেষণা পরিচালনার জন্য এই ফেলোশিপ প্রযোজ্য। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। চলতি বছরের ফেলোশিপের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৬। নির্দিষ্ট ডেডলাইনের পর আবেদন পাঠালে তা বিবেচনা করা হবে না বলে সতর্ক করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া

আবেদন প্রক্রিয়াটি সহজ রাখা হয়েছে। প্রার্থীদের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (www.icar.org.in) ভিজিট করে নির্দেশিকা অনুযায়ী আবেদন ফরম পূরণ করতে হবে। এরপর পূর্ণ আবেদনপত্রটি [email protected] এই ঠিকানায় ই-মেইল করে জমা দিতে হবে। আবেদনপত্র পাঠানোর সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই আবেদনের বিষয় উল্লেখ করতে হবে।

যোগ্যতা ও গবেষণার ক্ষেত্র

আবেদনের যোগ্যতা, গবেষণার অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলো এবং বিস্তারিত আবেদন প্রফর্ম বা গাইডলাইনের জন্য সরাসরি আইসিএআরের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষিবিজ্ঞান ও গবেষণায় ক্যারিয়ার গড়ার এটি একটি দারুণ সুযোগ, যা বাংলাদেশি গবেষকদের আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে এবং কৃষি খাতের উন্নয়নে ভূমিকা রাখতে বিশেষভাবে সহায়তা করবে।