রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) গতকাল থেকে তিন দিনব্যাপী এশিয়ান পর্যটন মেলা (এটিএফ) অনুষ্ঠিত হচ্ছে। দেশ-বিদেশের ভ্রমণে নানা সুযোগ ও অফার নিয়ে এই মেলায় হোটেল-রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, এয়ারলাইনসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যটন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলো ভ্রমণ ও আবাসনে নানা ধরনের ছাড় ও প্যাকেজ ঘোষণা করেছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত গতকাল বৃহস্পতিবার মেলাটির উদ্বোধন করেন। আগামীকাল শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। পর্যটনবিষয়ক ম্যাগাজিন 'পর্যটন বিচিত্রা' মেলাটির আয়োজন করেছে। এতে নেপাল দূতাবাসসহ থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভুটানের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

মেলায় হোটেল ও রিসোর্টে ২০ শতাংশ এবং বিমান টিকিটে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এ ছাড়া ট্যুর প্যাকেজ, বিনোদনকেন্দ্র ও বিদেশে চিকিৎসাসেবার ক্ষেত্রেও বিভিন্ন ছাড় ও অফার রয়েছে।

প্রথম দিনে বৃষ্টির মধ্যেও প্রচুর দর্শনার্থী মেলায় আসেন। ঢাকার ধানমন্ডির ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান জানান, তিনি পরিবার নিয়ে সুন্দরবনে যাওয়ার বিভিন্ন প্যাকেজ ও ছাড়ের তথ্যের জন্য মেলায় এসেছেন। কক্সবাজারের হোটেল সি পার্ল ‘এক রাতের মূল্যে তিন রাত’ থাকার অফার নিয়ে এসেছে। অর্থাৎ এক রাতের ভাড়া দিয়েই আরও দুই রাত বিনা মূল্যে থাকার সুযোগ রয়েছে। হোটেলটির বিভিন্ন মানের কক্ষের ভাড়া এক রাতের জন্য ১৯ হাজার থেকে ২ লাখ টাকা।

হোটেল সি পার্লের প্রতিনিধি রাহাত রহমান মুক্তকণ্ঠকে জানান, "দর্শনার্থীদের কাছ থেকে তাঁরা ভালো সাড়া পাচ্ছেন।"

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পর্যটন করপোরেশন মেলা উপলক্ষে তাদের ২৫টি হোটেল ও মোটেলে ২০ শতাংশ ছাড় দিচ্ছে। সুন্দরবনের মায়াবন ইকো রিসোর্ট সাড়ে ৩ হাজার থেকে ৬ হাজার টাকার বিভিন্ন প্যাকেজে ২০ শতাংশ ছাড় নিয়ে মেলায় এসেছে।

বিমানের টিকিটে ছাড়

এয়ার অ্যাস্ট্রা দেশের অভ্যন্তরীণ বিভিন্ন গন্তব্যের বিমান টিকিটে ২০ শতাংশ ছাড় দিচ্ছে। প্রতিষ্ঠানটির বিপণন প্রতিনিধি নাহিদ রুম্মন বলেন, "কক্সবাজার ও চট্টগ্রামের টিকিটে এই অফারে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এ ছাড়া সিলেট ও সৈয়দপুরের টিকিটেও সুবিধা রয়েছে।"

বাংলাদেশ বিমান ব্যাংকক, কলকাতা, করাচি, দিল্লিসহ সাতটি আন্তর্জাতিক গন্তব্যের টিকিটে ১৫ শতাংশ ছাড় ঘোষণা করেছে। উত্তরা থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে মেলায় আসেন প্রযুক্তিপ্রতিষ্ঠানে কর্মরত আবদুল কাইয়ূম। তিনি জানান, চীন ভ্রমণের পরিকল্পনা করছেন। তাই তিনি বিভিন্ন ট্যুর প্যাকেজ ও টিকিট সম্পর্কে খোঁজ নিতে এসেছেন।

বিদেশ ভ্রমণেও অফার

কুয়ালালামপুরে দুই রাত তিন দিনের প্যাকেজ নিয়ে মেলায় এসেছে ট্যুরিজম উইন্ডো। টিকিট ছাড়া এ প্যাকেজের খরচ ১৫ হাজার টাকা থেকে শুরু। চার রাতের প্যাকেজের খরচ ২৮ হাজার টাকা। ওয়ার্ল্ড সিটি ট্রাভেলস টিকিটসহ কাঠমান্ডুর জন্য পাঁচ রাতের প্যাকেজ এনেছে। এ প্যাকেজে জনপ্রতি খরচ ৬৪ হাজার টাকা, যার মধ্যে খাবারের খরচও রয়েছে।

ভ্রমণের পাশাপাশি বিনোদনকেন্দ্রেও ছাড় দিচ্ছে মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে ফ্যান্টাসি কিংডম দিচ্ছে ৫০ শতাংশ ছাড়। তাদের অফারে ৫০০ টাকায় প্রবেশসহ ১২টি রাইডে চড়ার সুযোগ রয়েছে। একই মূল্যে প্রবেশ ও ওয়াটার কিংডম ব্যবহারের আরেকটি অফার রয়েছে তাদের।

মেলায় বিদেশে চিকিৎসার জন্য বিভিন্ন প্যাকেজ ও অফার দেওয়া হচ্ছে। নির্মাণাধীন বিভিন্ন হোটেলের মালিকানা বুকিংয়ের অফারও নিয়ে মেলায় অংশ নিয়েছে কোনো কোনো প্রতিষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, "দেশের পর্যটন অবকাঠামো, সেবা, গন্তব্য ও পর্যটন পণ্যের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাত, বিনিয়োগকারী, ব্যবসায়ী, স্থানীয় জনগোষ্ঠী এবং আন্তর্জাতিক অংশীদারদের সমন্বিতভাবে কাজ করতে হবে।"

মন্ত্রী পর্যটন খাতে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং সম্ভাবনাময় পর্যটন গন্তব্যগুলোকে পরিকল্পিত ও টেকসইভাবে উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।