জামালপুরের সরিষাবাড়ীতে ২০ পিস ইয়াবা মাদকসহ ভাটারা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলমকে (৪২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর ইসলাম তালুকদার।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। ওই সময় নিজ বাড়ির উঠানে থাকা অবস্থায় শাহ আলমকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি চালিয়ে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামি শাহ আলম ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

এদিকে, সরিষাবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক এ কে এম ফয়েজুল কবীর তালুকদার শাহীন জানান, প্রায় ছয় মাস আগে নারী-সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহ আলমকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। বর্তমানে যুবদলের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।

জেলা গোয়েন্দা শাখার ওসি মো. শাহিনুর ইসলাম তালুকদার বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।"