সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশ্যে গণনা করা হবে। এটি মাজারের ইতিহাসে চতুর্থবারের মতো এই উদ্যোগ নেওয়া হচ্ছে। সকাল ৯টায় গণনার কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই গণনা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা প্রশাসন। জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময় অনুযায়ী শনিবার সকাল ৯টায় দানবাক্স খোলা ও গণনার কাজ শুরু হবে।

এর আগে তিন দফায় মাজারের দানবাক্স ও মানতের ডেগ খুলে অর্থ গণনা করা হয়েছে। প্রথম দফায় গত ২২ জুন দানবাক্স থেকে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। এর সঙ্গে জেলা প্রশাসনের তহবিল থেকে ৫ লাখ টাকার একটি চেক যুক্ত করা হলে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। ওই সময় স্বর্ণালঙ্কার ও বিভিন্ন দেশের মুদ্রাও পাওয়া যায়।

এর ১৮ দিন পর ১১ জুলাই দ্বিতীয় দফায় দানবাক্স খোলা হয়। তখন নগদ ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকার পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রা, স্বর্ণ ও রৌপ্যসামগ্রী পাওয়া যায়।

সবশেষ গত ১৫ আগস্ট তৃতীয় দফায় দানবাক্স ও মানতের ডেগ খোলা হলে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া যায়। তখনও দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি স্বর্ণ ও রৌপ্যের অলঙ্কার পাওয়া যায়।

তিন দফায় প্রাপ্ত নগদ অর্থের পরিমাণ ১ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩৭৪ টাকা। এসব অর্থ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে।