ঢাকার ধামরাইয়ে একটি পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিকসসংলগ্ন সড়কে। নিহতদের পরিচয় পাওয়া গেছে— তারা হলেন যাত্রী জাকারিয়া (১৩), আঁখি আক্তার (২৫) এবং সিএনজিচালিত অটোরিকশার চালক জুয়েল (৪০)। নিহত তিনজনেই টাঙ্গাইরের বাসিন্দা বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহত লাকী আক্তার (৩২), আবুল হোসেন (৬৫) ও সেলিম (৩৫)-কে উদ্ধার করে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিজসংলগ্ন পাকা সড়কে একটি অজ্ঞাতনামা পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালকসহ চারজন গুরুতর আহত হন। পরবর্তীতে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে।"