চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ তিন বিচারকের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ ও বার-বেঞ্চের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ তুলে তাদের প্রত্যাহারের দাবিতে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ মিছিল করেছে আইনজীবীরা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা আইনজীবী সমিতির ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভে অংশ নিয়েছেন চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক পলাশ বর্ধন এবং সদর সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক শম্পা ইসলামের বিরুদ্ধে। জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে আবারও আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।
কর্মসূচির সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু। তিনি বলেন, "বিচারকদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আমাদের সমস্যা হচ্ছে বিচারক ও আইনজীবীদের মধ্যে সমন্বয়হীনতা এবং অসৌজন্যমূলক আচরণ নিয়ে।"
আদালত বর্জনের সিদ্ধান্ত সম্পর্কে তিনি আরও বলেন, "যেসব আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিচারপ্রার্থীরা যেন সেসব আদালতে প্রবেশ না করেন। আইনজীবী সহকারীদেরও বর্জন করা আদালতে তদবির না করার আহ্বান জানান তিনি।"
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কামাল উদ্দিন, সিনিয়র আইনজীবী হুমায়ুন কবির, শিরিন আক্তার মুক্তা, আবু বকর, মাসুদ প্রধানিয়া, আতিকুর রহমান ও সাদ্দাম হোসেনসহ অন্যান্যরা।
এর আগে গত ৯ সেপ্টেম্বর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় প্রায় সাড়ে ৪০০ আইনজীবীর উপস্থিতিতে ওই তিন বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে আইনজীবীরা। বৃহস্পতিবার আন্দোলনের নবম দিনে তারা কালো ব্যাজ ধারণ করে বিক্ষোভ মিছিল করেন।