দিনাজপুর জেলা কারাগারে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার দেহাবসান ঘটে।
মৃত্যু হওয়া কয়েদির নাম সেকেন্দার শাহী (৫৮)। তিনি জেলার হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের সামসুল হুদার ছেলে।
জেলখানা সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর ৪টায় দিনাজপুর জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সূত্র আরও জানায়, চেক চালিয়াতি মামলায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এই কয়েদি গত ২৫ আগস্ট কারাগারে আসেন।
দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার মো. মাইন উদ্দিন ভূঁইয়া মুক্তকণ্ঠকে জানান, "বৃহস্পতিবার ভোর ৪টায় কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে সেকেন্দার শাহীকে দিনাজপুর মেডিমেলে ভর্তি করা হয়। সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিকেলে হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"