চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিশুর নাম সিরাজুল মনিরা (৫)। সে উপজেলার আমিরাবাদ এলাকার নুরুন্নবীর মেয়ে।

এর আগে গত মঙ্গলবার দুপুরে ভাটিয়ারি ইউনিয়নের তুলাতুলি গ্রামে এক তরুণ ডেঙ্গুতে মারা যান। ওই ঘটনার ৪৮ ঘণ্টা না পেরোতেই এই শিশুর মৃত্যু হলো।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মুক্তকণ্ঠকে বলেন, "নিহত শিশু সিরাজুল মনিরাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়নি। যতটুকু জানতে পেরেছেন ওই শিশুকে জ্বরে আক্রান্ত হওয়ার নির্ধারিত সময়ের পরে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে একদিন নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) চিকিৎসাধীন থাকার পর শিশুটি মারা যায়।"

শিশুটির প্রতিবেশী মো. সেলিম উদ্দিন জানান, বেশ কয়েক দিন ধরে তীব্র জ্বরে শিশুটি খুব দুর্বল হয়ে পড়েছিল। অবস্থার অবনতি দেখে অভিভাবকেরা গত মঙ্গলবার তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। চিকিৎসক দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দিলে পরিবারের সদস্যরা তা করেন। গত বুধবার শিশুটিকে আইসিইউতে নেওয়া হয় এবং আজ সকালে তার মৃত্যু হয়।