মাঠে রোদ ছিল, ক্রিকেটাররাও ঠিকঠাক ওয়ার্ম আপ করেছেন। তবুও বাংলাদেশ–চীন ম্যাচটি শুরু করা যায়নি। আগের বৃষ্টিতে ভেজা আউটফিল্ড শুকায়নি বলেই আজ এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। টস করতেও নামেননি দুই দলের অধিনায়ক। র্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টুয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশ ১০ম, চীন ৩৬তম।
আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১১টায় জাপানের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচে জয়ী দলের বিপক্ষে ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।
এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দল এর আগে দুবার রুপা ও একবার ব্রোঞ্জ জিতেছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পাঠানো ভিডিও বার্তায় বাংলাদেশ দলের ব্যাটার সোবহানা মুশতারি চীনের মুখোমুখি হওয়ার আগে পদক নিয়ে দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা প্রথম অনুশীলন করলাম। এর আগে আমরা এশিয়ান গেমসে একটা পদক পেয়েছি (আসলে তিনটি)। আশা করছি, এবারও একটা পদক নিয়ে দেশে ফিরতে পারব।’
চীনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে এটিই ছিল সবচেয়ে বড় ম্যাচ। ২০১০ এশিয়ান গেমসের সেমিতে চীনকে ৩৪ রানে অলআউট করে ৭ ওভারে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশের মেয়েরা। তবে সেই ম্যাচের আন্তর্জাতিক স্বীকৃতি ছিল না। অর্থাৎ আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে চীনের বিপক্ষে আজই প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের। কিন্তু বেরসিক বৃষ্টিতে খেলাটা আর হলো না।