আগামী মার্চে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগেও বিসিবি নেপাল সফরের ব্যাপারে ইতিবাচক অবস্থান জানিয়েছিল, যা এবার চূড়ান্ত রূপ নিল।

আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ কাঠমান্ডুতে এই তিন ম্যাচ অনুষ্ঠিত হবে। সম্প্রতি নেপালে ভয়াবহ বন্যায় প্রাণ হারানো মানুষদের স্মৃতির প্রতি উৎসর্গ করে এই সিরিজ আয়োজন করা হবে। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বন্যায় বড় ক্ষতি ও শোকের মুহূর্তে বন্ধুত্ব ও সংহতির বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করতেই এই সিরিজ। দুই দেশের ক্রিকেটকে একত্র করার উপলক্ষ হিসেবেও এটি গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির মধ্যকার বৈঠকে এই সিরিজ নিয়ে আলোচনা শুরু হয়। এরপর রাষ্ট্রদূত ভান্ডারি আজ বিসিবির সভাপতি তামিম ইকবালের সঙ্গে দেখা করেন। এই বৈঠকে টি-টুয়েন্টি সিরিজ আয়োজন এবং দুই দেশের মধ্যে সার্বিক ক্রিকেটীয় সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বিসিবি সভাপতি তামিম ইকবাল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালকে (সিএন) নেপালে ক্রিকেটের সার্বিক উন্নয়নে অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন। এর মধ্যে থাকবে পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই পারফরম্যান্স প্রোগ্রাম, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা এবং অন্যান্য উন্নয়নমূলক উদ্যোগ।

এ পর্যন্ত নেপালের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। বিশ্বকাপের এই দুই ম্যাচেই জয়লাভ করেছে বাংলাদেশ দল।