মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জাতীয় পরিচয়পত্র বা এনআইডি তথ্যের ভুলের কারণে ১১ মাস ধরে বেতন-বোনাস থেকে বঞ্চিত শিক্ষক ও কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্যানেলে আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত সময়ের বেতন ও বোনাস সাবমিট করার অপশন যুক্ত করা হয়েছে।
মাউশি সূত্রে জানা গেছে, এনআইডি তথ্যে ভুল থাকার কারণে দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পাওয়া শিক্ষক-কর্মচারীরা এখন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে ওই নির্দিষ্ট সময়ে বকেয়া বেতন ও বোনাস সাবমিট করতে পারবেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত সেপ্টেম্বর মাসের বেতন বিল সাবমিটের নির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, এনআইডি তথ্যে ভুল থাকার কারণে যে সকল শিক্ষক-কর্মচারী আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ মাসের মধ্যে এক বা একাধিক মাসের বেতন বা বোনাস পাননি, তাদের ক্ষেত্রে ওই বকেয়া মাসের বেতন বা বোনাস সাবমিটের অপশন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যদিও যথাসময়ে বিল সাবমিট করার পর ব্যাংকের তথ্য ভুলের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিও এর অর্থ ব্যাংকে জমা না হয়ে ফেরত আসে (বাউন্স ব্যাক), তবুও তাদেরকে বকেয়া হিসেবে বিল সাবমিটের প্রয়োজন বা সুযোগ দেওয়া হবে না। তবে EFT salary Bounce অপশনে নাম যুক্ত হওয়া সাপেক্ষে সঠিক তথ্য প্রদান করলে পুনরায় তাদের বাউন্স ব্যাক হওয়া অর্থ প্রেরণ করা হবে।
বিজ্ঞপ্তিতে শেষে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে, আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে সেপ্টেম্বর ২০২৬ মাসের এমপিও বিল এবং প্রতিষ্ঠানের প্যানেলে যুক্ত আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ মাসের বকেয়া মাসওয়ারী সাবমিট করতে।