প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে বাস্তবজ্ঞান ও জীবনদক্ষতা গড়ে তোলার লক্ষ্যে নতুন কারিকুলামে বছরজুড়ে ১২টি জীবনঘনিষ্ঠ থিম অন্তর্ভুক্ত করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকায় অনুষ্ঠিত 'সেফগার্ডিং লিডারশিপ সামিট'-এ প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, "একজন শিক্ষার্থী শুধু বইয়ের জ্ঞান অর্জন করবে না বরং কীভাবে নিরাপদ থাকতে হয়, কীভাবে দায়িত্বশীলভাবে জীবন পরিচালনা করতে হয় এবং বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে নিজেকে সামলাতে হয়, সেসব বাস্তব জীবনদক্ষতাও শিখবে।"

তিনি আরও জানান, দেশের সকল প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা ও শিক্ষার মান নিশ্চিত করতে সরকার নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে। যেসব প্রতিষ্ঠান ইতোমধ্যে নির্ধারিত মানের চেয়ে উন্নত অবকাঠামো ও ব্যবস্থা গ্রহণ করেছে, সরকার তাদের আরও এগিয়ে যাওয়ার সুযোগ দেবে। তার মতে, সর্বোচ্চ লক্ষ্য হলো সবার জন্য ন্যূনতম মান নিশ্চিত করা এবং সেরা উদ্যোগগুলো থেকে শিক্ষা নিয়ে পুরো শিক্ষাব্যবস্থার মান বৃদ্ধি করা।

উক্ত সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এস এম এ ফায়েজসহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।