আল আইনের মাঠে আল নাসরের পরাজয় এবং ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে আল আইন মিডফিল্ডার মাতিয়াস প্যালাসিওসের সংঘর্ষের ঘটনায় ফুটবল জগতে চাঞ্চল্য ছড়িয়েছে। সৌদি প্রো লিগের এই ক্লাবটির হয়ে যোগ দেওয়ার পর রোনালদোর ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্যবধানে হারের ঘটনা ঘটেছে গতকাল রাতে।

এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে আল আইনের বিপক্ষে ৪-০ গোলে হেরে যায় আল নাসর। ২০২২ সালে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ৪-০ গোলের হারের পর গতকাল রাতেই ক্যারিয়ারে সবচেয়ে বড় ব্যবধানের হার দেখলেন রোনালদো। ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, ক্লাব ক্যারিয়ারে রোনালদোর সবচেয়ে বড় হার ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে। ২০২১ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে ৫-০ গোলে হেরেছিল ইউনাইটেড। ২০১০ সালে লা লিগায় বার্সেলোনার কাছে একই ব্যবধানে হেরেছিল রিয়াল।

এই ম্যাচে রোনালদো ও প্যালাসিওসের মধ্যে দ্বন্দ্বের নতুন অধ্যায় শুরু হয়। আল আইন ২-০ গোলে এগিয়ে থাকাকালীন বাঁ প্রান্ত থেকে ক্রস আসার অপেক্ষায় স্বাগতিকদের বক্সে ঢুকছিলেন রোনালদো। তখন আল আইন মিডফিল্ডার প্যালাসিওস পর্তুগিজ কিংবদন্তিকে বাধা দেওয়ার চেষ্টা করেন। প্রতিক্রিয়ায় আল নাসর অধিনায়ক রোনালদোও কনুইয়ের চাপে প্যালাসিওসকে ফেলে দেন মাঠে। রোনালদো নিজেও পড়ে যান। এরপর দুজনের মধ্যে কথা-কাটাকাটিও হয়। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্যালাসিওস পরে দাবি করেন, ৪১ বছর বয়সী রোনালদোকে তিনি শুধু বয়সের কথা মনে করিয়ে দিয়ে বলেছিলেন, বলের দখল তিনিই আগে পাবেন। এরপরই কথা-কাটাকাটির তীব্রতা বাড়ে দুজনের।

ঝামেলা তাঁদের মধ্যে আগেও হয়েছে। এবার তারই নতুন পর্ব দেখা গেল আল আইনের মাঠে। প্রথম ঝামেলাটি ২০২৪ সালের নভেম্বরে। এই এএফসি চ্যাম্পিয়নস লিগেই আল নাসরের মুখোমুখি হয়েছিল আল আইন। কর্নার থেকে বল দখলের লড়াইয়ে ধস্তাধস্তি করেন দুজন। একপর্যায়ে ক্রিস্টিয়ানো রোনালদো মাঠে পড়ে যান এবং মাতিয়াস প্যালাসিওসের গলা চেপে ধরেন। পরে রেফারির কাছে রোনালদোর বিরুদ্ধে কনুই দিয়ে আঘাতের অভিযোগ করেও ফাউল পাননি। উল্টো আর্জেন্টাইন এ মিডফিল্ডারকেই হলুদ কার্ড দেখতে হয়। সেই ম্যাচে রোনালদো গোল পেয়েছিলেন, আল নাসরও জিতেছিল ৫-১ গোলে।

গতকালের ম্যাচে রোনালদো ফ্রি–কিক থেকে গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি। শট নিতে পেরেছেন মাত্র তিনটি। গোল না পাওয়ায় তাঁর ৯৭৯ গোলের পরিসংখ্যানও সমৃদ্ধ হয়নি। ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে অভিষেক হয় তাঁর।