নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর এলাকা থেকে নিখোঁজ হওয়ার একদিন পর ভাঙারি ব্যবসায়ী মো. আইয়ুব হোসেন (৫০) এর বস্তাবদ্ধ ও হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কাঁচপুর উত্তরপাড়া এলাকার একটি ডোবা থেকে মরদেহটি পাওয়া যায়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আইয়ুব হোসেন কাঁচপুর উত্তরপাড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে এবং দীর্ঘদিন ধরে সেখানে ভাঙারি ব্যবসা করতেন। মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। রাতে বাড়িতে ফির না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি।
বুধবার সকালে কাঁচপুরের জালালাবাদ ওষুধ কোম্পানির পেছনে অবস্থিত একটি ভাঙারি গোডাউনের পাশের ডোবায় স্থানীয়রা একটি বস্তা ভাসতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা সোনারগাঁ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে বস্তাটি উদ্ধার করে। পরে বস্তার মুখ খুলে ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় আইয়ুব হোসেনের মরদেহ পাওয়া যায়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
খবর পেয়ে নারায়ণগঞ্জের ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, আইয়ুব হোসেনের মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।