পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) ইইউ প্রতিনিধি দলের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাইকেল মিলার। দায়িত্ব গ্রহণের জন্য তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে উষ্ণ অভিনন্দন জানান। সাক্ষাতে উভয় পক্ষ দীর্ঘদিনের পারস্পরিক অংশীদারত্বে সন্তোষ প্রকাশ করে বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইইউকে বাংলাদেশের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উল্লেখ করে সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বহুপাক্ষিকতাবাদ ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে ইইউর গঠনমূলক সম্পৃক্ততার প্রশংসা করে তিনি নির্বাচন পর্যবেক্ষক মিশনের কার্যক্রম এবং চলমান সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার কথা তুলে ধরেন।
বৈঠকে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন (ইউএনজিএ) নিয়ে মতবিনিময় হয়। অধিবেশনের সাইডলাইনে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন উভয় পক্ষ। অভিবাসন ব্যবস্থাপনা, বিমান চলাচল খাত এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ইইউর অব্যাহত মানবিক সহায়তার প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি ইউএনজিএর সাইডলাইনে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বের সঙ্গে তুলে ধরার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।