নড়াইলের লোহাগড়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে উপজেলার কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. তরিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। ভুক্তভোগী নারী গত ৭ সেপ্টেম্বর লোহাগড়া থানায় এ মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত তরিকুল ইসলাম ঈশানগাতী গ্রামের মৃত ইকলাস মোল্যার ছেলে। তার স্বামী চাকরি উপলক্ষে ঢাকায় থাকেন। এই সুযোগ নিয়ে তরিকুল বিভিন্ন সময়ে গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়া এবং অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ রয়েছে। প্রস্তাবে রাজি না হওয়ায় ও বিষয়টি স্বামীকে জানানোর পর তরিকুল ক্ষুব্ধ হন। এজাহারে উল্লেখ করা হয়, একপর্যায়ে তিনি গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও ধারণ এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
এজাহারে আরও বলা হয়, গত ৩১ আগস্ট রাত আড়াইটার দিকে বাড়িতে থাকা হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকির শব্দ শুনে ঘর থেকে বের হন ওই গৃহবধূ। পেছন থেকে তরিকুল তাকে জাপটে ধরেন বলে অভিযোগ করা হয়েছে। পরে অজ্ঞাতপরিচয় ২-৩ জনের সহযোগিতায় তাকে ধর্ষণ করা হয়। ধস্তাধস্তি ও গোঙানির শব্দ শুনে মেয়ে ঘুম থেকে উঠে চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যায়।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তরিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
লোহাগড়া উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, "বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে, লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান বলেন, "বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"