প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগের আর রাজপথে নামার কোনো রাজনৈতিক বা নৈতিক সাহস অবশিষ্ট নেই। তিনি মন্তব্য করেন, দলটির পতন ঘটেছে এবং এর রাজনৈতিক দাফন সম্পন্ন হয়েছে দিল্লিতে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং বিচারিক প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও দলটির নেতাকর্মীরা মাঠে নামতে পারেনি।
হাইকোর্ট ও জগন্নাথ হল সংলগ্ন এলাকায় বিচ্ছিন্নভাবে ঘটানো ককটেল বিস্ফোরণের ঘটনার কঠোর সমালোচনা করে তিনি বলেন, কিছু টাকা-পয়সার বিনিময়ে এসব পটকা ফোটানো ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। রাজপথে আন্দোলনের ক্ষমতা হারিয়ে এখন বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়ে নিজেদের উপস্থিতির জানান দেওয়ার চেষ্টা করছে তারা, যা মূলত আওয়ামী লীগের নিঃশেষ হয়ে যাওয়ারই প্রমাণ।
তিনি আরও বলেন, তৎকালীন স্বৈরাচারী শাসনের সময় যারা অন্যায়, অপরাধ এবং জুলাই-আগস্ট গণহত্যার সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে সম্পৃক্ত ছিল, দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে যথাযথ ন্যায়বিচার ও শাস্তি নিশ্চিত করা হবে।