নাটোরের সিংড়া উপজেলায় শত্রুতার জেরে দুর্বৃত্তরা মৎস্যচাষি মিজানুর রহমানের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। এ ঘটনায় চাষির প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুকুরে গিয়ে মাছ ভেসে থাকতে দেখে বিষয়টি জানতে পারেন পুকুরের মালিক মিজানুর রহমান। স্থানীয় সূত্রে জানা যায়, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে কান্তনগর বিলে মাছ চাষ করে আসছেন। তার এলাকায় মোট চারটি পুকুর রয়েছে। এর মধ্যে একটি পুকুরে দেশীয় প্রজাতির টেংরা মাছের চাষ করা হয়েছিল। দুর্বৃত্তরা শত্রুতার জেরে ওই পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে বলে তাদের ধারণা। এ ঘটনায় এলাকার অন্যান্য মৎস্যচাষিদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি মিজানুর রহমান জানান, প্রায় তিন বিঘা আয়তনের পুকুরে দেশীয় টেংরা মাছের চাষ করেছিলেন তিনি। পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে তার অভিযোগ। এতে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় থানায় মামলা করবেন বলেও জানান তিনি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, "এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"