চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার এবং পিকআপ ভ্যানের মধ্যে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং আরও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের পরিচয় পাওয়া গেছে— কচুয়া উপজেলার ফতেহপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে মোহর আলী এবং অটোরিকশাচালক কবির মাল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বিবরণ অনুযায়ী, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে হাজীগঞ্জের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। পথে সামনে থাকা প্রাইভেটকারটি হঠাৎ ব্রেক করলে পেছন থেকে অটোরিকশাটি সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সামনে পড়ে যায় এবং মুহূর্তেই তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষ ঘটে।
ধাক্কায় অটোরিকশার চালক ও যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে যান। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত বাকি দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেন।
ঘটনার কথা জানতে পেরে চাঁদপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকার, সিএনজি অটোরিকশা ও পিকআপটি জব্দ করে থানায় নিয়ে যায়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, "ত্রিমুখী সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"