সুনামগঞ্জের জামালগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম রাধানগর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত সমাদ আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে রাধানগর গ্রামের একটি কবরস্থানের পাশের ডোবায় মাছ ধরার সময় তার চাচাতো ভাই আব্দুল আলীর সঙ্গে কথা-কাটাকাটি হয়। এই বিবাদ হাতাহাতিতে রূপ নেয়। এসময় নজরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয় ইউপি সদস্য লোকমান হোসেন জানান, "নজরুল ইসলাম অত্যন্ত নিরীহ ও শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। চাচাতো ভাই আব্দুল আলীর সঙ্গে ধাক্কাধাক্কির একপর্যায়ে তিনি মাটিতে পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।"
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী বলেন, "মাছ ধরাকে কেন্দ্র করে হাতাহাতির একপর্যায়ে নজরুল ইসলাম মাটিতে পড়ে যান বলে জানা গেছে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক পর্যবেক্ষণে তার শরীরে স্পষ্ট কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"