বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। চলমান এশিয়ান গেমসে সংক্ষিপ্ত সংস্করণে তার শেষ দায়িত্ব হিসেবেই অধিনায়কত্ব পালন করবেন তিনি। তবে ওয়ানডে দলের নেতৃত্ব চালিয়ে যাবেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও বেশি মনোযোগ দিতেই টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে চান নিগার। নিজের সিদ্ধান্তের কথা আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলেন তিনি। মঙ্গলবার জাপান থেকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি বোর্ডকে জানান ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।

বিসিবি সভাপতি তামিম ইকবাল তার সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলেও জানিয়েছে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইটটি। ফলে এশিয়ান গেমস শেষ হলেই বাংলাদেশের টি-টোয়েন্টি দলে শুরু হবে নতুন অধিনায়ক-অধ্যায়।

২০২২ সালে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব নেন নিগার। তার অধীনে উল্লেখযোগ্য সাফল্য আসে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। স্কটল্যান্ডকে হারিয়ে এক দশক পর বিশ্বকাপে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। সেই আসরে ব্যাট হাতেও চার ইনিংসে ১০৪ রান করেন নিগার, উইকেটের পেছনে ছিল সাতটি ডিসমিসাল।

চলতি বছরও তার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তবে এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হার, স্কটল্যান্ড-নেদারল্যান্ডস ত্রিদেশীয় সিরিজে ওঠানামা এবং বিশ্বকাপে পাঁচ ম্যাচে দুটি জয় আসে। সাম্প্রতিক এশিয়া কাপেও সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নেয় বাংলাদেশ।

এশিয়ান গেমসের আগে অবশ্য নিগারের নেতৃত্ব নিয়ে পর্যালোচনার কথা জানিয়েছিল বিসিবি। নারী ক্রিকেট বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেছিলেন, আসর শেষে দলের পারফরম্যান্সসহ সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন করা হবে। এর মধ্যেই নিজে থেকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানালেন নিগার।