বরিশাল নগরের ইছাকাঠি কলোনিতে একটি ভাড়া বাসার ঘরে তালাবদ্ধ অবস্থায় এক আইনজীবীর মুহুরির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা বেগমকে প্রধান আসামি করে পুলিশ তদন্ত শুরু করেছে। তিনি বর্তমানে পলাতক।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ ও স্থানীয়রা মিলে ২৯ নম্বর ওয়ার্ডের ঐ ভাড়া বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে নুরুজ্জামান হাওলাদার (৫৫) নামের ওই ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত নুরুজ্জামান বরিশাল জজ আদালতে একজন আইনজীবীর মুহুরি হিসেবে কর্মরত ছিলেন। তার নিজ গ্রাম মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে নুরুজ্জামান ও তার স্ত্রী নাসিমার মধ্যে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, সোমবার দিবাগত রাতের কোনো একসময় স্ত্রী নুরুজ্জামানকে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর তিনি ঘরের বাইরে তালা ঝুলিয়ে আত্মগোপন করেন। ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে লাশ উদ্ধার করে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার কারণ অনুসন্ধানসহ পলাতক স্ত্রী নাসিমাকে আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।