জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামির ফাঁসির শাস্তি নিশ্চিত করতে ১১ দল সরকারের ওপর চাপ অব্যাহত রাখবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের কাছে এই প্রতিশ্রুতি দেন।
মুখপাত্র বলেন, "আওয়ামী লীগের পুরো শাসনামলের অপরাধের বিচার করতে হবে। আজকের রায়ে অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা এবং আহতরা সান্ত্বনা পাবেন। সাজাপ্রাপ্ত আসামিদের শাস্তি নিশ্চিতে জামায়াতসহ ১১ দল সরকারের ওপর চাপ অব্যাহত রাখবে।"
এছাড়া তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার অভিযোগ তোলেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো দেশে অপতৎপরতা চালাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
সরকারকে উদ্দেশ করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, "রায়-পরবর্তী যেকোনো নাশকতা ঠেকাতে জনগণকে সঙ্গে নিয়েই রাজপথে থাকবে জামায়াত। প্রশাসনের চিহ্নিত দলবাজ কর্মকর্তাদের অপসারণ না করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হবে সরকার।"