নোয়াখালীর সুবর্ণচরে নিয়ন্ত্রণ হারিয়ে ‘বাঁধন’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সোনাপুর–সুবর্ণচর সড়কের হারিছ চৌধুরী বাজারের উত্তর পাশে এই ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বাঁধন পরিবহনের বাসটি সুবর্ণচরের দিকে যাচ্ছিল। বাসে মোট ২০ জন যাত্রী ছিলেন। সোনাপুর–সুবর্ণচর সড়কে হারিছ চৌধুরী বাজার এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতিতে থাকা অবস্থায় বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে এলোমেলোভাবে সড়কের পাশে উল্টে যায়।
বাসের যাত্রী হোসেন জানান, "চট্টগ্রাম থেকে সোনাপুর আসার পর সুবর্ণচর সড়কে প্রবেশের সময় চালকের পরিবর্তে হেলপার বাসটি চালাচ্ছিলেন। অতিরিক্ত গতির কারণে একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।"
আরেক প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক ইমাম উদ্দিন বলেন, "দুর্ঘটনার কিছুক্ষণ আগে তিনি বাঁধন বাসটিকে দ্রুতগতিতে চলতে দেখেছেন। বাসটি তার অটোরিকশাসহ কয়েকটি গাড়িকে দ্রুতগতিতে ওভারটেক করে সামনে চলে যায়। কিছুক্ষণ পরই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় লোকজনের সহায়তায় বাসের ভেতর থেকে যাত্রীদের বের করে আনা হয়।"
সুবর্ণচর ফায়ার সার্ভিসের ইনচার্জ রুবেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, "দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। তবে তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা বাসের সব যাত্রী বের করে হাসপাতালে পাঠান। প্রাথমিকভাবে অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছে বলে তিনি ধারণা করছেন।"
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। দুর্ঘটনার পর বাসটি সেখানেই রয়েছে। তবে বাসের চালক ও হেলপারকে তখন সেখানে পাওয়া যায়নি। তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।