আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রায় প্রতিদিনই সোনার দাম ওঠানামা করছে। সে হিসেবে আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেশের বাজারে সর্বশেষ ঘোষিত দামে বিক্রি হচ্ছে মূল্যবান ধাতুটি।
সবশেষ শনিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছিল। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এখন ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। গত শুক্রবার এ মানের সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সোনার দামের সঙ্গে ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানের ভিত্তিতে মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।
এদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ১৬ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯১ টাকা।