কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজিত আইনশৃঙ্খলা, সুশাসন ও সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় সাংবাদিকদের বাইরে রাখার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

সোমবার বেলা ১১টায় শুরু হওয়া এই সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, সামাজিক কর্মসূচি এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনার কথা ছিল। সভায় সভাপতিত্ব করেন হুইপ নিজান। জেলা প্রশাসক রোজি আক্তারের সঞ্চালনায় শুরুতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। এরপর বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

পরিচিতি পর্ব শেষে হুইপ নিজান বলেন, "এই আলোচনা সভায় যাদেরকে দাওয়াত দেওয়া হয়নি তারা এখান থেকে চলে যান। সাংবাদিক ভাইয়েরা ছবি তোলা হলে আপনারা চলে যান। পাশের রুমে গিয়ে অপেক্ষা করুন, চা খান।"

হুইপের এই নির্দেশে সাংবাদিকরা সভাকক্ষ থেকে বের হয়ে যান এবং তাদের অনুপস্থিতিতেই সভার মূল আলোচনা অনুষ্ঠিত হয়।

সভা শেষে বিষয়টি নিয়ে হুইপ নিজানের কাছে জানতে চাইলে তিনি বলেন, "ভুল বোঝাবুঝি হতেই পারে। তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এ বিষয়ে আরও সচেতন হব।"

মতবিনিময় সভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজি আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, বিভিন্ন দপ্তরের প্রধান এবং জেলার ১৭ উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।