দৈনিক ইনকিলাবের ভ্রাম্যমাণ সংবাদদাতা ও কুমিল্লার চান্দিনা উপজেলার সাংবাদিক মুন্সী কামাল আতাতুর্ক মিসেল (৪২) মারা গেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত হওয়ায় সম্প্রতি তাকে ঢাকায় নেওয়া হয়। পরে তিনি রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি হন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলবার বাদ আসর চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ উচ্চবিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মুন্সী কামাল আতাতুর্ক মিসেল চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জের মুন্সীবাড়ির প্রয়াত কামাল হোসেন মুন্সীর ছোট ছেলে। তিনি তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে—আবসান কামাল মুন্সী (৮) ও আরাবী কামাল মুন্সী (৩)—এবং অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে যান।

সাংবাদিকতা জীবনে কামাল আতাতুর্ক মিসেল কুমিল্লার স্থানীয় পত্রিকা দৈনিক রূপসী বাংলা ও বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) কাজ করেছেন। পরে দৈনিক ইনকিলাবের ভ্রাম্যমাণ সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের ৬৪ জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষের দুর্ভোগ, অনিয়ম, অব্যবস্থাপনা ও নানা সমস্যা নিয়ে সংবাদ প্রকাশের জন্য তিনি পরিচিত ছিলেন। মাঠপর্যায়ে সরেজমিনে ঘুরে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে তার আলাদা পরিচিতি ছিল। সাধারণ মানুষের কথা তুলে ধরতে তিনি দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়িয়েছেন। এ কারণে সহকর্মী ও স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি ‘চারণ সাংবাদিক’ হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

এ ছাড়া দৈনিক রূপসী বাংলার সম্পাদক আসিফ তরুনাভ, দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহজাদা এমরান, দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম হৃদয়, দৈনিক বাংলার আলোড়নের সম্পাদক মো. রফিকুল ইসলাম, মুক্তকণ্ঠ কুমিল্লার প্রতিনিধি সোহাইবুল ইসলাম সোহাগসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।