কুষ্টিয়ার কুমারখালীর বহলবাড়িয়া বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার শেষ দিনে চরম উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। প্রতিযোগিতার মাঝপথে এক নৌকার মাঝিরা অন্য নৌকায় উঠে পড়লে উদ্ভূত পরিস্থিতিতে আয়োজনটি স্থগিত করতে বাধ্য হয় আয়োজক কমিটি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নন্দলালপুর ইউনিয়নের বারেক মোড় এলাকার বহলবাড়িয়া বিলে এই ঘটনা ঘটে। জানা গেছে, ইতালি প্রবাসীদের উদ্যোগে রোববার থেকে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এতে কুষ্টিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকার ১১টি দল অংশ নেয় এবং হাজারো দর্শক ভিড় করেন।
সোমবার বিকেলে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা চলাকালীন বেশ কিছু নৌকার মাঝি নিয়ম লঙ্ঘন করে অন্য নৌকায় উঠে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিযোগীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিলের পাড়ে উপস্থিত দর্শকদের মধ্যেও চাঞ্চল্য তৈরি হয়। পরিস্থিতি বিবেচনা করে আয়োজক কমিটি তাৎক্ষণিকভাবে প্রতিযোগিতা স্থগিত ঘোষণা করে। আয়োজকরা জানিয়েছেন, সুবিধাজনক সময়ে এই প্রতিযোগিতা পুনরায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর জন্য পুরস্কার হিসেবে একটি করে খাসি ছাগল নির্ধারণ করা হয়েছিল। নৌকা বাইচের পাশাপাশি বিলের পাড়ে গ্রামীণ মেলা বসেছিল, যেখানে দেশীয় খাবার ও খেলনা সহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়েছিলেন ব্যবসায়ীরা। তবে প্রধান ও বিশেষ অতিথিরা পৌঁছানোর আগেই প্রতিযোগিতাটি স্থগিত হয়ে যায়।
আয়োজক ইতালি প্রবাসী দেলোয়ার হোসেন বলেন, "যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং গ্রামের মানুষের বিনোদনের ব্যবস্থা করতেই এই নৌকা বাইচের আয়োজন করা হয়েছিল। কিন্তু অনিবার্য কারণে এটি স্থগিত ঘোষণা করতে হয়েছে। পরবর্তীতে আবার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।"
আরেক আয়োজক ইতালি প্রবাসী সাইফুল মালিথা বলেন, "অনাকাঙ্ক্ষিত কারণে নৌকা বাইচ প্রতিযোগিতা বন্ধ করতে হচ্ছে। নৌকা বাইচ ও গ্রামীণ মেলা আমাদের আবহমান সংস্কৃতির অংশ হলেও বর্তমান প্রজন্মের কাছে এসব ঐতিহ্য অনেকটাই অচেনা হয়ে যাচ্ছে। সেই পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।"
এদিকে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, "বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। খোঁজ নিয়ে পরে জানাতে পারব।"