ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে হাসপাতালটি পরিদর্শন করেছেন। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো এই ভিজিটটি করেন তিনি।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্মানিত সভাপতি হিসেবে একান্তই সৌজন্যভিত্তিক এই ভিজিটে হাসপাতাল প্রশাসন এবং চিকিৎসকদের কিছু দিকনির্দেশনা দিয়েছেন মির্জা আব্বাস। এরপর প্রশাসনিক ব্লকে অবস্থান করে কর্তৃপক্ষের সঙ্গে পরিচালনা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আলোচনা শেষে হাসপাতাল ত্যাগ করেন তিনি।
উল্লেখ্য, গত ৩০ জুলাই ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত করে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই সময়ে তিনি বিদেশে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি দীর্ঘদিন পর চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন তিনি।