রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সোমবার এক নারীসহ মোট পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের কারও পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি। ময়নাতদন্তের জন্য সকল লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সকালে যাত্রাবাড়ীর শনির আখড়া ইউটার্ন এলাকায় আরাফ কার ওয়াশের পাশের সড়ক থেকে ৪৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান জুয়েল জানান, স্থানীয়রা জানিয়েছেন, ওই ব্যক্তি এলাকায় ঘোরাঘুরি করতেন এবং ভবঘুরে প্রকৃতির ছিলেন। ধারণা করা হচ্ছে, অসুস্থ অবস্থায় তিনি সেখানে পড়ে গিয়ে মারা যান। খবর পেয়ে সকালে লাশটি উদ্ধার করে বেলা সোয়া ১১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

একই দিন মতিঝিলের নটর ডেম কলেজের বিপরীত পাশের সড়ক থেকে ৫০ বছর বয়সী আরেক অজ্ঞাতনামা ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। নাসির নামের একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। তবে তাঁর পরিচয় এখনও অজ্ঞাত রয়েছে।

ঢামেক হাসপাতালের পাশে অসুস্থ অবস্থায় ৩০ বছর বয়সী এক নারীকে পড়ে থাকতে দেখে হাসপাতালের কর্মীরা সকালে তাকে উদ্ধার করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের ভারপ্রাপ্ত ওয়ার্ড মাস্টার আইয়ব আলী।

অন্যদিকে, শাহবাগ থানার আওতাধীন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মোড়ের ফুটপাত থেকে ৩০ বছর বয়সী আরেক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শাহবাগ থানার এসআই বিজয় মণ্ডল লাশটি উদ্ধার করেন। পরে বিকেলে লাশটি ঢামেকের মর্গে রাখা হয়। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিও ভবঘুরে প্রকৃতির ছিলেন।

এছাড়া, কামরাঙ্গীরচর থানার জাউলাহাটি এলাকা থেকে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। থানার এসআই প্রাণেশ্বর দাস জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সকালে লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তি এলাকায় ঘোরাঘুরি করতেন। স্থানীয়রা তাঁকে চিনতেন, তবে তাঁর পরিচয় জানতেন না। তিনিও ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানান থানা পুলিশ।