টাঙ্গাইলের সখীপুরে কম্বোডিয়া থেকে ফিরে অর্থনৈতিক ব্যর্থতা ও ঋণের চাপ সহ্য করতে না পেরে এক তরুণ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের বহুরিয়া গ্রামে নিজ বসতঘরে ঝুলন্ত অবস্থায় সজীব হোসেন (২২) নামের ওই তরুণের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি থানায় নিয়ে আসা হয়।

নিহত সজীব হোসেন সখীপুরের বহুরিয়া গ্রামের মো. জাফর আলীর ছেলে। তিনি আগস্টের শুরুতে কম্বোডিয়া থেকে দেশে ফেরেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সজীবের বাবা জাফর আলী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একজন কর্মচারী হিসেবে অবসরগ্রহণ করেন। তাঁর চাকরিজীবনের সঞ্চয়ের আট লাখ টাকা খরচ করে সজীব এ বছরের জানুয়ারি মাসে কম্বোডিয়া গমন করেন।

কম্বোডিয়ায় পৌঁছানোর পর কোম্পানির কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেখানে অনাহার ও অর্ধাহারে দিন কাটতে থাকে তাঁর। পরবর্তীতে বাবা জাফর আলী আরও এক-দেড় লাখ টাকা ঋণ করে ছেলেকে দেশে ফিরিয়ে আনেন। দেড় মাস আগে দেশে ফিরে সজীব গভীর হতাশায় ভুগতে থাকেন। আর্থিক ক্ষতি এবং ঋণের চাপ সইতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।

যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।