সিলেট বিভাগে হাম এবং হামের উপসর্গজনিত কারণে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চলতি বছরে সিলেট বিভাগে এই রোগে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত চার শিশুর মধ্যে দুজন সিলেট জেলার, একজন সুনামগঞ্জের এবং অন্যজন হবিগঞ্জের বাসিন্দা। তাদের মধ্যে তিনজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মোট ১৬৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর ১০ জন এবং হামের উপসর্গ নিয়ে ১৫৪ শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১৪৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৪৯৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে কারও শরীরে হাম শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।