বল হাতে আবারও কার্যকর ভূমিকা পালন করেছেন মেহেদী হাসান মিরাজ। তবে তার দুই উইকেট গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে পরাজয় থেকে বাঁচাতে পারেনি। ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৯৯ রানে গুটিয়ে যাওয়া গায়ানাকে ৬ উইকেটে পরাজিত করেছে বার্বাডোজ ট্রাইডেন্টস।
ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের লিগ পর্বের শেষ ম্যাচে ১০০ রানের লক্ষ্য তাড়া করে ১৪.৫ ওভারে ৪ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে বার্বাডোজ। ৩১ বল হাতে রেখেই তারা জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে ব্যাট হাতে ১৮ রান করেন মিরাজ। তবে বল হাতে তিনি লড়াই চালিয়ে যান; চার ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। গায়ানার ইনিংসে মাত্র তিন জন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে সক্ষম হন। সর্বোচ্চ ২৪ রান করেন গ্লেন ফিলিপস এবং রোমারিও শেফার্ড করেন ২২ রান।
টস হেরে ব্যাটিংয়ে নামার পর শুরু থেকেই বার্বাডোজের স্পিন আক্রমণের সামনে চাপে পড়ে গায়ানা। ১৮.১ ওভারেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। আল্লাহ মোহাম্মদ গজনফর ১৭ রানে এবং জোহান লেইন ১৪ রানে ৩টি করে উইকেট নেন। এছাড়া জর্জ লিন্ডে ১৩ রানে ২ উইকেট পান। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন গজনফর।
১০০ রানের লক্ষ্য তাড়ায় বার্বাডোজের হয়ে উজ্জ্বল ব্যাটিং করেন ব্র্যান্ডন কিং। ৪২ বলে ৩টি চার ও ২ টি ছক্কাসহ তিনি করেন ৪৪ রান। এছাড়া শ্যাডর্যাক ডেসকার্ট ২০ বলে ৩২ রান সংগ্রহ করেন। মাঝপথে মিরাজের দুই উইকেটে কিছুটা চাপ তৈরি হলেও লক্ষ্য ছোট হওয়ায় ম্যাচে আর ফিরতে পারেনি গায়ানা।
এই হারেও লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। অন্যদিকে তৃতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করা বার্বাডোজের এলিমিনেটরের প্রতিপক্ষ হবে জ্যামাইকা কিংসমেন।