ভারতের পশ্চিমবঙ্গ সরকার মাদ্রাসা পরিচালনায় অনিয়ম ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে ২৫২টি মাদ্রাসা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আরও ১০০টি মাদ্রাসাকে কারণ দর্শাতে শোকজ জারি করা হয়েছে। রাজ্যের আদিবাসী ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তর এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সরকারি সূত্র জানিয়েছে, রাজ্যের বিভিন্ন মাদ্রাসায় কার্যক্রম নিয়ে অভিযোগ আসার পর তদন্ত চালানো হয়। মাদ্রাসা পরিচালনার পদ্ধতি, শিক্ষক ও ছাত্রছাত্রীর সংখ্যা, তাদের উপস্থিতি, ভৌত পরিকাঠামো এবং অর্থের উৎস—এসব বিষয়ের তথ্য যাচাইয়ের ভিত্তিতেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পাশাপাশি রাজ্যস্তরের বিশেষ পরিদর্শক দলগুলো বিভিন্ন মাদ্রাসায় গিয়ে তথ্য সংগ্রহ করে। এরপরই ২৫২টি মাদ্রাসাকে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
কলকাতাসহ রাজ্যের মোট ২২টি জেলার মাদ্রাসা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছিল। যেসব মাদ্রাসা সরকারিভাবে অনুমোদিত সেগুলো চালু রাখা হয়েছে। অন্যদিকে, যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সেগুলোর বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তর জেলা প্রশাসনের তদন্তের ভিত্তিতেই এই ব্যবস্থা গ্রহণ করেছে।
পশ্চিমবঙ্গে বর্তমানে ৬১৪টি সরকারিভাবে অনুমোদিত মাদ্রাসা রয়েছে। এদের মধ্যে ৪২৩টি হাই মাদ্রাসা, ৮৯টি জুনিয়র হাই মাদ্রাসা এবং ১০২টি সিনিয়র মাদ্রাসা অন্তর্ভুক্ত। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন এই প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষারও ব্যবস্থা রয়েছে।
রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, "অতীতে বিভিন্ন মাদ্রাসার কিছু শিক্ষকের উগ্রপন্থার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ খতিয়ে দেখে নতুন করে তদন্তের পর রাজ্য সরকার এই ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে।"