বাগেরহাটের মোল্লাহাট উপজেলার দাড়িয়ালা গ্রামে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা শোকের ছায়ায় ডুবেছে।

ঘটনাটি ঘটেছে আজ রোববার সকালে। মৃতদের মধ্যে একজন লামিয়া আক্তার জান্নাতি (১০) এবং অন্যজন সামিয়া (৯)। তারা দুজনই একই গ্রামের বাসিন্দা এবং স্থানীয় দাড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। এক বছরের বয়সের পার্থক্য থাকলেও তারা একসঙ্গে বেড়ে ওঠে এবং সবসময় একসাথে খেলাধুলা করত।

স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার দিকে ঘুম থেকে উঠে কাউকে না জানিয়ে লামিয়া ও সামিয়া বাড়ির পাশের মাছের ঘেরে শাপলা তুলতে যায়। তারা দুজনই সাঁতার জানত না। পরিস্থিতি এমন হয় যে, দুজনের কেউ আগে শাপলা তুলতে গিয়ে পানিতে পড়ে গেলে পরে আরেকজন তাকে তুলতে গিয়ে দুজনই পানিতে তলিয়ে যায়।

সকাল আটটার দিকে এক প্রতিবেশী মাছের ঘেরে আসার সময় প্রথমে শিশু সামিয়ার মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের জানান। এই খবর পেয়ে পরিবারের সদস্যরা লামিয়াকে খুঁজতে নেমে পানির নিচ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন। দুই শিশুকে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মোল্লাহাট থানার উপপরিদর্শক (এসআই) প্রসেন কুমার সানা মুক্তকণ্ঠকে বলেন, "রোববার সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠে কাউকে না জানিয়ে দুই চাচাতো বোন লামিয়া ও সামিয়া বাড়ির পাশে একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায়। দুজনের কেউই সাঁতার জানত না। দুজনের কোনো একজন আগে শাপলা তুলতে গিয়ে পানিতে পড়ে গেলে পরে আরেকজন তাকে তুলতে গিয়ে দুজনই পানিতে তলিয়ে যায়।"

তিনি আরও জানান, স্বজনদের আপত্তি না থাকায় পুলিশি ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।