ফরিদপুরের নতুন সিভিল সার্জন হিসেবে ডা. মঞ্জুর এ এলাহীর পদায়নের প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্ররা। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে এই কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনকারীদের দাবি, ডা. মঞ্জুর এ এলাহী নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আজীবন সদস্য। তাদের মতে, তাকে ফরিদপুরে পদায়ন করলে রাজনৈতিকভাবে বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনের সুযোগ তৈরি হবে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ডা. মঞ্জুর এ এলাহী আওয়ামী লীগ সরকারের সময় দলীয় এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রেখেছেন। তাই তার পদায়ন বাতিল অথবা ফরিদপুর থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়।

জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমান এবং জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ কর্মসূচিতে বক্তব্য দেন। গেটে তালা থাকায় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে ভেতরে প্রবেশ করতে পারেননি। পরিস্থিতি স্বাভাবিক করতে বর্তমান সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তার হস্তক্ষেপে গেট খুলে দেওয়া হলে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন।

এ বিষয়ে বক্তব্য পাওয়ার জন্য ডা. মাহমুদুল হাসানের ফোনে কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি কল রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।