আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সাতক্ষীরা জেলার বিচার বিভাগের নানা সংকট নিরসনে কার্যকর সমাধানের আশ্বাস দিয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় জেলা আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই প্রতিশ্রুতি দেন।

মন্ত্রী জানান, সাতক্ষীরা বিচার বিভাগের স্থানীয় সমস্যাগুলো শোনার পাশাপাশি করণীয় বিষয়ে কর্মকর্তাদের সুপারিশ নেওয়া হয়েছে। পর্যালোচনা শেষে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।

সীমান্ত জেলা হিসেবে সাতক্ষীরাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে দ্রুত বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন আইনমন্ত্রী। এছাড়া মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি, বিচারকদের কর্মঘণ্টার কার্যকর ব্যবহার, লিগ্যাল এইড বা আইনি সহায়তাকে আরও জনবান্ধব করা এবং মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে মামলার জট কমানোর আহ্বান জানান তিনি।

বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়া হবে বলেও আশ্বাস দেন আসাদুজ্জামান। পাশাপাশি সাতক্ষীরায় নতুন সৃজিত ২৩টি আদালতে দ্রুত বিচারক ও প্রয়োজনীয় স্টাফ নিয়োগ দেওয়ার কথা জানান তিনি।

মতবিনিময় সভার শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আরেকটি সভায় যোগ দেন আইনমন্ত্রী। জেলা প্রশাসক মির্জা কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে জেলার বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন।