কারও পৌষ, কারও সর্বনাশ! এজবাস্টন টেস্টের তৃতীয় দিনে পেস বোলিং অলরাউন্ডার রাজাউল্লাহ খানের ৮১ রানের দারুণ ইনিংসের কারণে ইনিংস হার এড়িয়ে যায় পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজে এটি ছিল পাকিস্তানের সবচেয়ে ভালো দিন। তবে ঠিক একই ইনিংসের কারণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এর দল জ্যামাইকা কিংসম্যান বিপদে পড়েছে।

পাকিস্তানের হয়ে এজবাস্টন টেস্টে ওপেন করা সাইম আইয়ুব সিপিএলে খেলেন জ্যামাইকার হয়ে। ক্রিকইনফো জানিয়েছে, টেস্টের তৃতীয় দিন, অর্থাৎ শুক্রবারই খেলা শেষ হয়ে যেতে পারে বলে ভেবেছিল জ্যামাইকা। ম্যাচের গতিপথই আসলে সে দিকে ছিল। প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে ৩২০ রানে পিছিয়ে ছিল পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার পর দ্বিতীয় দিন শেষে ৫২ রান তুলতে ২ উইকেট হারিয়েছিল তারা।

তৃতীয় দিনে ম্যাচ শেষ হয়ে যাচ্ছে ধরে নিয়ে সাইমকে ম্যাচ শেষে ছেড়ে দেওয়ার অনুরোধে সাড়া দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আর সে কারণেই সাইমের জন্য শুক্রবারের ফ্লাইটের টিকিট কেটে রাখে জ্যামাইকা। কিন্তু শেষ পর্যন্ত সেই ফ্লাইটে উঠতে পারেননি পাকিস্তানি অলরাউন্ডার। কীভাবে উঠবেন! এক রাজাউল্লাহই যে সবকিছু ওলট-পালট করে দিয়েছেন। টেস্টের তৃতীয় দিনে রাজাউল্লাহ যখন পাকিস্তানের নবম ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন, তখনো এক ঘণ্টার বেশি সময়ের খেলা বাকি। শেষ বিকেলে তাই পাকিস্তান হার নিশ্চিতই মনে হচ্ছিল।

কিন্তু নবম উইকেটে মোহাম্মদ আব্বাসকে নিয়ে অভাবনীয় এক জুটি গড়েন রাজাউল্লাহ। দুজনের ১২৩ বলের জুটিতে পাকিস্তান পায় ১২১ রান। আব্বাস ৪২ রানে আউট হয়ে গেলেও অভিষিক্ত রাজাউল্লাহ ফিফটির পরও একের পর এক বাউন্ডারি মেরে যাচ্ছিলেন। দশম উইকেটে মোহাম্মদ আলীর সঙ্গে জুটিতেও ওঠে ১০ রান। দিনের শেষ ওভারে রাজা যখন ৬৩ বলে ৮১ রান করে আউট হন, ততক্ষণে পাকিস্তানের লিড হয়ে গেছে ১২৯ রানের। ম্যাচ গড়িয়ে যায় চতুর্থ দিনে।

পর দিন খেলা থাকায় সাইমের আর বার্বাডোজের বিমানে ওঠা হয়নি। জ্যামাইকা সাইমকে তাড়াতাড়ি নিতে চেয়েছিল শনিবার রাতের ম্যাচের জন্য। ব্রিজটাউনে বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে জ্যামাইকার ম্যাচটি ছিল বাঁচামরার। সিপিএলে ছন্দে থাকা (৩ ইনিংসে এক সেঞ্চুরিসহ ১২৭ রান) সাইমকে দরকার ছিল খুব। শেষ পর্যন্ত সাইম যেতে পারেননি, তাঁকে ছাড়া জিততেও পারেনি জ্যামাইকা। বার্বাডোজের কাছে দলটি হেরেছে ২ উইকেট। ফলে প্লে-অফের দৌড় থেকেও ছিটকে গেছে তারা।