ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশে পড়ে থাকা তিনটি কার্টন থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালিয়া বাসস্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ সামনে একটি কাঁচা সড়কের পাশের ঝোপে তিনটি কার্টন পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কার্টনগুলোর মুখ বাঁধা ছিল এবং সেখান থেকে প্রবল দুর্গন্ধ আসছিল। বিষয়টি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ জানানো হলে মধুখালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কার্টনগুলো উদ্ধার করে। পরে কার্টন খুলে তারা বস্তাবন্দী অবস্থায় খণ্ডিত লাশ দেখতে পায়।
পুলিশ জানিয়েছে, লাশটি ছয়টি অংশে বিভক্ত ছিল। নিহত ব্যক্তি পুরুষ এবং তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। লাশের দুই হাতের আঙুলও কেটে ফেলা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
লাশ উদ্ধারের খবরে ঘটনাস্থলে নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও ক্রাইমসিন ইউনিট। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে। মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান জানান, লাশের খণ্ডিত অংশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, "এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) এস এম মাসুদুজ্জামান বলেন, "হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।"