রাজধানীতে চলমান তীব্র গ্যাস সংকটের সুযোগ নিয়ে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধভাবে ছোট গ্যাস কম্প্রেসর বা বুস্টার বিক্রি শুরু হয়েছে। ফেসবুক এবং অন্যান্য ই-কমার্স প্ল্যাটফর্মে এই যন্ত্রগুলো দেড় থেকে দুই হাজার টাকায় কেনাবেচা হচ্ছে। বিক্রেতারা দাবি করছে, এগুলোর মাধ্যমে সাধারণ লাইনের চেয়ে ৩ থেকে ৫ গুণ বেশি চাপে গ্যাস সরবরাহ করা সম্ভব।

এ বিষয়ে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিডিসিএল) সতর্ক করে বলেছে যে, এসব যন্ত্র ব্যবহার করা সম্পূর্ণ অননুমোদিত। এছাড়াও, এই যন্ত্রগুলো স্থানীয় গ্রাহকদের নিয়মিত গ্যাস সরবরাহে ব্যাঘাত ঘটায় এবং নেটওয়ারকে চাপের ভারসাম্য নষ্ট করে।

তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক মো. শাহজাদা ফরাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, "এটি দুর্ঘটনা ঘটাতে পারে এবং ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" তিনি জানান, নিরাপত্তা ঝুঁকি এবং অবৈধ কার্যক্রম রোধে ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, এই ধরনের অবৈধ যন্ত্র আমদানি রোধে পেট্রোবাংলার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস নেটওয়ার্কের নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে এমন যন্ত্রের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।