১৯৯৪ সালের সেপ্টেম্বরের এক সন্ধ্যায় প্রিন্সেস ডায়ানা যখন কালো রঙের আঁটসাঁট, কাঁধখোলা ছোট পোশাকটি পরেন, তখন তা ইতিহাস গড়ে। বিশেষ কারণে ওই পোশাকটির নাম হয় 'রিভেঞ্জ ড্রেস' বা 'প্রতিশোধের পোশাক'। চলতি বছরের শেষের দিকে এই ঐতিহাসিক পোশাকটি বিক্রির জন্য নিলামে তোলা হচ্ছে।

যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে গাড়ি দুর্ঘটনায় মারা যান। তাঁর স্বামী বর্তমান রাজা প্রিন্স চার্লসের কারণেই ওই পোশাকের নাম হয় 'রিভেঞ্জ ড্রেস'। কারণ, যে সন্ধ্যায় ডায়ানা পোশাকটি পরেছিলেন, সেদিনই চার্লস তাঁর পরকীয়ার বিষয়টি টেলিভিশনে প্রকাশ করতে যাচ্ছিলেন।

আগামী ডিসেম্বরে খ্যাতনামা নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স পোশাকটি নিলামে তুলবে। চলতি মাসে লন্ডনে সেটি প্রদর্শন করা হবে। এরপর হংকং, জেনেভা ও নিউইয়র্কে এটি ঘুরে বেড়াবে। সবশেষে নিউইয়র্কে নিলাম অনুষ্ঠিত হবে। পোশাকটির আনুমানিক দাম ধরা হচ্ছে ১ লাখ ১০ হাজার থেকে ২ লাখ ২০ হাজার পাউন্ড (১ কোটি ৮৩ লাখ থেকে ৩ কোটি ৬৭ হাজার টাকা)।

রিভেঞ্জ ড্রেস নিয়ে মানুষের আগ্রহ নতুন নয়। আগেও একবার পোশাকটি বিক্রি হয়েছিল। সেটি ১৯৯৭ সালের কথা, ডায়ানা তখন বেঁচে ছিলেন। পোশাকটি বিক্রির অর্থ ডায়ানা দান করে দিয়েছিলেন। সেবার এর দাম উঠেছিল ৩৯ হাজার ৯৮ পাউন্ড, এখনকার দিনে তা ১ লাখ পাউন্ডের সমান। যে পরিবার পোশাকটি কিনেছিল, তাদের কাছেই এত দিন সেটি ছিল।

রিভেঞ্জ ড্রেসের নকশা করেছিলেন ক্রিস্টিনা স্ট্যামবোলিয়ান। ২০২২ সালে এক সাক্ষাৎকারে ক্রিস্টিনা বলেছিলেন, "সেদিন সন্ধ্যায় ডায়ানার একটি সাদা গাউন পরার কথা ছিল। তবে তিনি স্বামীর ওপর খুবই রেগে ছিলেন। তাই শেষ পর্যন্ত সাদা গাউন বাদ দিয়ে কালো পোশাক পরেছিলেন। উজ্জ্বল লাল নেইল পলিশও ব্যবহার করেছিলেন। এমনটা আগে কখনোই তাঁকে করতে দেখা যায়নি।"

ডায়ানা ছিলেন খুবই ফ্যাশনসচেতন। মৃত্যুর ৩০ বছর পরও পোশাকপরিচ্ছদ নিয়ে তাঁর রুচিবোধ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে রয়েছে। ২০১৩ সালে জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী রিয়ানা ফ্যাশনবিষয়ক সাময়িকী গ্লামারকে বলেছিলেন, "তাঁর প্রতিটি সাজই ছিল দুর্দান্ত। পোশাক বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন একজন গ্যাংস্টার।"