রাজধানী ঢাকার পূর্বাচলে আইসিসিবি বসুন্ধরায় চলছে তিন দিনব্যাপী ১১তম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো। গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া এই প্রদর্শনীটি আজ শনিবার শেষ হবে। বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (রিমস) যৌথভাবে এই আয়োজন করেছে।
এই মেলায় বিশ্বের ২৭টি দেশের ২০০টি ব্র্যান্ড অংশ নিয়েছে। এখানে খাদ্য প্রক্রিয়াজাতকরণের চার হাজারের বেশি আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির সমাধান উপস্থাপন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বাপার সভাপতি মাহবুব আনাম, এক্সপো আয়োজক কমিটির চেয়ারম্যান ও প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, বাপার সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান এবং কোষাধ্যক্ষ মিনহাজ আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থী ও ব্যবসায়ীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি আলজেরিয়া, অস্ট্রেলিয়া, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, জাপান, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছেন।
মেলায় কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অটোমেশন, রোবোটিকস, স্মার্ট ফ্যাক্টরি, কোডিং ও মার্কিং, কোল্ড চেইন, লজিস্টিকস এবং টেকসই প্যাকেজিং প্রযুক্তির বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রদর্শনীর পাশাপাশি কারিগরি অধিবেশন ও সেমিনারে শিল্পোদ্যোক্তা ও প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
বাপার সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান জানান, "খাদ্যপণ্য উৎপাদনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি সাধারণ মানুষ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রদশর্নীতে আসছেন। প্রথম দুই দিনে দশনার্থীর সংখ্যার ছিল ৩ হাজারের বেশি।"
প্রদর্শনীতে খাদ্য প্রক্রিয়াজাতকরণের যন্ত্রপাতি ও প্রযুক্তির পাশাপাশি বিভিন্ন খাদ্যপণ্যও প্রদর্শিত হচ্ছে।