বরগুনার পাথরঘাটায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের ঘটনায় এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার দক্ষিণ চরদুয়ানী এলাকার কালিয়ার খালে কোস্টগার্ডের একটি অভিযানে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া এবং একটি মাথা উদ্ধার করা হয়।

পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি কাঠের ট্রলারে তল্লাশি চালান। এই তল্লাশির সময় ট্রলার থেকে হরিণের মাংস, চামড়া ও মাথা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাংসের আনুমানিক মূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা বলে অনুমান করা হয়েছে। এছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়।

এই ঘটনায় আটক করা হয় পাথরঘাটা উপজেলার বাসিন্দা ইব্রাহিম (৪৩) নামের এক ব্যক্তিকে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। পাথরঘাটার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ আদালত পরিচালনা করেন।

আজ শুক্রবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, "উদ্ধার করা আলামত ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্য প্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।"

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. বদিউজ্জামান জানান, রাত ২টা থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান চালানো হয়। উদ্ধারকৃত হরিণের মাংস মাটিচাপা দেওয়া হয়েছে।