সুন্দরবনের বোতলখালী খাল এলাকা থেকে উদ্ধারকৃত ১৪৫ কেজি হরিণের মাংস আদালতের নির্দেশনায় মাটিতে পুঁতে বিনষ্ট করেছে বন বিভাগ। এই অভিযানে পাচারে ব্যবহৃত একটি ডিঙি নৌকা এবং হরিণের মাথা ও পা জব্দ করা হয়। তবে অভিযান চলাকালে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উদ্ধার করা মাংসগুলো খুলনার কয়রা উপজেলা আদালত চত্বরে নিয়ে যাওয়া হয়। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী মাংসগুলো মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, নলিয়ান ফরেস্ট রেঞ্জের রেঞ্জার আল আমিন ইসলামের নেতৃত্বে এবং হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেনসহ টহল দলের যৌথ অভিযানে বোতলখালী খাল এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ হরিণের মাংস উদ্ধার করা হয়। পরে জব্দ করা হয় পাচারে ব্যবহৃত ডিঙি নৌকা, হরিণের মাথা ও পা।

এ বিষয়ে হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, "এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।"

অপরদিকে, নলিয়ান স্টেশন কর্মকর্তা ও ফরেস্ট রেঞ্জার আল আমিন ইসলাম জানান, সুন্দরবনের বন্যপ্রাণী নিধন ও অবৈধ পাচার রোধে বন বিভাগ তৎপর রয়েছে। বনের সম্পদ রক্ষা ও পাচার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।