লক্ষ্মীপুরের পৌর শহরে চাঁদার টাকা না পাওয়ায় এক ব্যবসায়ীর দোকানে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টা ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাধা দিতে গেলে এক ব্যবসায়ীর শরীরেও পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা চালানো হয়। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উত্তর তেমুহনী সংলগ্ন কালী বাজার রোড এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসি ফুটেজ ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. দেলোয়ার হোসেন তার দুই সহযোগীর সাথে মিলে ওই ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না পেয়ে তিনি দোকানের ভেতরে এবং পাশে বসা এক ব্যক্তির মাথায় ও শরীরে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিতে গিয়ে কয়েকজন ব্যবসায়ীকে মারধর করা হয়। পরে অন্য ব্যবসায়ীরা এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, দেলোয়ার হোসেন আগেও কালী বাজার এলাকার বিভিন্ন দোকান থেকে চাঁদা আদায় করতেন। সেলুন ব্যবসায়ী জগদিশ বাবু ও মোবাইল সার্ভিস ব্যবসায়ী কৃষ্ণপালের কাছ থেকে প্রতিদিন ৫০০ টাকা করে চাঁদা দাবি করা হতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে মারধর ও দোকানে আগুন দেওয়ার হুমকি দেওয়া হতো।
এ ঘটনায় আহত তিন ব্যবসায়ীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, 'বাজারে এ ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। ঘটনার পর ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।'
লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) মো. শরিফুর রহমান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার কপি আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, 'একজন ব্যক্তি তার দুই সহযোগীকে নিয়ে দোকানে অবৈধভাবে প্রবেশ করে চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে দোকানে এবং পাশে বসা একজনের মাথায় পেট্রল ছিটিয়েছেন। এটি জীবন বিধ্বংসী কাজ।' আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। তবে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত মূল আসামিসহ কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে।