বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি, অফশোর অনুসন্ধান এবং সবুজ বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ও নরওয়ের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সাক্ষাৎকালে বিদ্যুৎ খাতের স্বচ্ছতা নিশ্চিত করা, বিদ্যুতের সঠিক চাহিদা নিরূপণে দক্ষতা বৃদ্ধি এবং সিস্টেম লস কমাতে পাওয়ার অডিটিংয়ের জন্য নরওয়ে সরকারের কারিগরি ও আর্থিক সহযোগিতা কামনা করেন মন্ত্রী। এছাড়া অফশোর বিডিংয়ে অংশগ্রহণ, সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ এবং বাংলাদেশের পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরে নরওয়ের চলমান ভূমিকা নিয়ে আলোচনা হয়। দেশের নবায়নযোগ্য জ্বালানি রোডম্যাপ অনুযায়ী প্রযুক্তি হস্তান্তর, কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও কথা হয় দুই পক্ষের মধ্যে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে নরওয়েজিয়ান বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মন্ত্রী বাংলাদেশের সঙ্গে নরওয়ের দীর্ঘদিনের অংশীদারিত্বের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জন ও জ্বালানি নিরাপত্তা জোরদারে নরডিক দেশগুলোর অধিকতর অংশগ্রহণকে বাংলাদেশ স্বাগত জানায়।’
অন্যদিকে, রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা, বিশেষ করে অফশোর নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ প্রযুক্তি খাতে সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে নরওয়ের আগ্রহের কথা জানান। এ বিষয়ে সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণে তার সরকারের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
বৈঠকে ঢাকাস্থ নরওয়েজিয়ান দূতাবাসের উপমিশন প্রধান আলেকজান্ডার ফাল্ক-বিলডেন, অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সায়েদ মুনতাসির বায়েজীদ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।