সরকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানকে নতুন দায়িত্ব দিয়েছে। এখন থেকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী ছাড়া যেসব মন্ত্রণালয় বা বিভাগ রয়েছে, সেসব মন্ত্রণালয় বা বিভাগের সংসদবিষয়ক কার্যাবলি দেখবেন তারা।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন রাষ্ট্রপতির কার্যালয় এবং প্রধানমন্ত্রীর দায়িত্বাধীন মন্ত্রণালয় ও বিভাগসহ যেসব মন্ত্রণালয় ও বিভাগে মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগপ্রাপ্ত নেই, সেসব মন্ত্রণালয় বা বিভাগে সংসদবিষয়ক কার্যাবলি নিম্নরূপভাবে সম্পাদিত হবে।

এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তিনি অনুপস্থিত থাকলে এ দায়িত্ব পালন করবেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অন্যদিকে রাষ্ট্রপতির কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খান। তবে তার অবর্তমানে এ দায়িত্ব পালন করবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।