সিরাজগঞ্জের তাড়াশে নিজের মাদকাসক্ত ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেছেন এক পিতা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার কোহিত এলাকায় এই ঘটনা ঘটেছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, অত্যাচার সহ্য করতে না পেরে নুরুল ইসলাম তার ৩০ বছর বয়সী মাদকাসক্ত ছেলে মাহাবুর রহমান পিন্টুকে থানায় হস্তান্তর করেন।

নুরুল ইসলামের অভিযোগ, দীর্ঘদিন ধরে কোনো কাজকর্ম না করে তিনি তার কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করতেন। টাকা না দিলেই অশ্লীল ভাষায় গালাগাল করতেন এবং বসতবাড়িতে আগুন দেওয়ার হুমকি দিতেন। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে আবারও টাকা চাওয়ায় তিনি অস্বীকার করলে লাঠি নিয়ে পিতার ওপর ঝাঁপিয়ে পড়ে ছেলে পিন্টু। এ সময় বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং জামাকাপড় পুড়িয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে ওসি ইমাম জাফর জানান, বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদকাসক্ত ছেলেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।